প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ১২:০৬ পি.এম
বগুড়ায় চাঁদা আদায়ের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক কৃষক।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী–বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) লিখিত অভিযোগে জানান, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আলু হিমাগারে নেওয়ার পথে চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করা হচ্ছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদসহ কয়েকজন তার আলুবাহী গাড়ির পথরোধ করেন। এ সময় তারা প্রতি বস্তা আলুর জন্য ২০ টাকা করে চাঁদা দাবি করেন।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেবেন না বলে হুমকি দেন। এমনকি তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি দেখে প্রতিবাদ জানালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোথাও চাঁদাবাজি করতে যাইনি। আমার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”
স্থানীয় প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলাম, জাহাঙ্গীর আলম আপেলসহ কয়েকজন জানান, কৃষকের কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তারা প্রতিবাদ করেন। পরে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “একজন কৃষক চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “খাজনা আদায় হবে নির্ধারিত কেনাবেচার স্থানে। সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। আর যারা চাঁদা তুলেছে তারা ইজারাদারও নয়।”
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.