প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
ধুনটে প্রতিবেশীর নাতির লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু- গ্রেপ্তার নাতি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশীর নাতির লাঠির আঘাতে সঞ্চব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামছেল মিয়া (৫০) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সঞ্চব আলী শেখ ওই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। আহত সামছেল মিয়া নিহতের চাচাতো ভাই। অভিযুক্ত সুলতান মাহমুদ একই গ্রামের বাসিন্দা হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সঞ্চব আলী কাজে যাওয়ার সময় জানতে পারেন, তার চাচাতো ভাই সামছেল মিয়াকে সুলতান মাহমুদ লাঠি দিয়ে মারধর করছে। খবর পেয়ে সঞ্চব আলী ঘটনাস্থলে গেলে সুলতান মাহমুদ তার হাতে থাকা লাঠি দিয়ে সঞ্চব আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা আহত সঞ্চব আলী ও সামছেল মিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সামছেল মিয়া বাড়ি ফিরে গেলেও সঞ্চব আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সঞ্চব আলী মারা যান।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী জানান, সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসীর মধ্যে পরিচিত। তিনি রাস্তা দিয়ে যাওয়া মানুষদের হঠাৎ লাঠি বা হাত দিয়ে মারধর করতেন। এর আগেও তাকে চিকিৎসা করানো হলেও সুস্থ করা সম্ভব হয়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, লাঠির আঘাতে সঞ্চব আলী শেখ নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান মাহমুদকে আটক করে। পরে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.