প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
বগুড়া সদরে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৩ জন গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া। সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে সদর থানাধীন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহলসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গাবতলী উপজেলার নিচগ্রাম এলাকার নায়েব আলীর ছেলে সানাউল (২৭), সদর উপজেলার সেউজগাড়ী এলাকার মৃত আলী হোসেনের ছেলে আলমগীর (৩০) এবং কামারগাড়ি এলাকার আজিজুল হকের ছেলে আতিকুর রহমান (৪৪)।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া’র ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে উল্লিখিত তিনজনকে গাঁজা ও অ্যালকোহলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.