
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী এলাকায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে একটি চারতলা ভবনের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনিরুজ্জামান (৪৫) পেশায় একজন ব্যবসায়ী। তিনি টাউন কলোনী এলাকার সাবেক সেনা সদস্য মো. আব্দুল মালেকের বাসায় ভাড়া থাকেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ও তার পরিবার ব্যবসায়িক কাজে দোকানে যান। পরে বিকেল সাড়ে ৪টায় বাসায় ফিরে এসে দেখেন, ঘরের মূল দরজার হ্যাজবল কাটা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
মনিরুজ্জামান জানান, চোরেরা তার আলমারির ড্রয়ার ভেঙে আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার—যার মধ্যে ৩টি গলার চেইন, ২টি হার, ২টি হাতের বালা ও ৪টি আংটি রয়েছে—এবং নগদ ১ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্রও নিয়ে যায় চোরেরা।
একই সময়ে ভবনের আরেক ভাড়াটিয়া জাকির হোসেনের ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রথমে দোতলায় তার বাসায় প্রবেশ করে ঘর তছনছ করে এবং নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়। এরপর তারা তিনতলায় মনিরুজ্জামানের ফ্ল্যাটে হানা দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভবনের আরেক ভাড়াটিয়া মাসুদ মজুমদার জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি তার রুম থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। চোরেরা তাকে রুমের ভেতর আটকে রেখে নির্বিঘ্নে অন্য ফ্ল্যাটগুলোতে চুরি সম্পন্ন করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রুম থেকে বের হন এবং চুরির বিষয়টি জানতে পারেন।
ভবন মালিক সাবেক সেনা সদস্য আব্দুল মালেক জানান, তিনি পৌনে ৪টার দিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মনিরুজ্জামানের ফ্ল্যাটের গেট ও দরজার তালা ভাঙা।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, “ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।” পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক