প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২:২০ অপরাহ্ণ
সর্বনাশা রাসায়নিক রং দিয়ে তৈরি লাচ্ছা: বগুড়ায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত “তাজ ফুড” নামের একটি লাচ্ছা সেমাই প্রস্তুতকারী কারখানায় যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা প্রশাসন, র্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই সংরক্ষণ ও প্রস্তুত করা হচ্ছিল। পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের মধ্যেই লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছিল। ডালডা গলানো ও সেমাই প্রস্তুতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। কারখানার কর্মীরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না। কোনো প্রকার মান সনদ ছাড়াই এবং অনিবন্ধিত অবস্থায় উৎপাদন কার্যক্রম চলছিল। এমনকি সেমাই তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করার প্রমাণও পাওয়া যায়।
উল্লিখিত অপরাধসমূহের প্রেক্ষিতে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নিরাপদ খাদ্য অফিসারসহ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস টিম অংশগ্রহণ করে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.