
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা’ (ডুসা)-এর আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি খন্দকার ফাহিম উজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর নেওয়াজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম। নবনির্বাচিত সভাপতি তানভীর উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিগাতি গ্রামের বাসিন্দা ও সাধারণ সম্পাদক রফিকুল গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিতদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিভার বিকাশই আমাদের মূল লক্ষ্য—এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ডুসা’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি নিয়মিতভাবে আলফাডাঙ্গার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের দিকনির্দেশনা ও আবাসন সুবিধা প্রদান, রক্তদান কর্মসূচি এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের টিউশনির ব্যবস্থাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের এই ধারা অব্যাহত রেখে আলফাডাঙ্গা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেতুবন্ধন হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।