প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমতলীতে ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পে।

আমতলী (বরগুনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে একদল সেবাপ্রাণ মানুষ। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় ৫০০ অসহায় ও দরিদ্র রোগী।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূর্ব চিলা, হলদিয়া এলাকায় অবস্থিত রফিক—নূরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) প্রাঙ্গণ যেন রূপ নেয় এক মানবসেবার মিলনমেলায়। বিভিন্ন বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্পে মেডিসিন, স্ত্রী ও প্রসূতি রোগ, চর্ম ও এলার্জি, ডায়াবেটিস, হৃদরোগ ও বক্ষব্যাধি, নবজাতক ও শিশু রোগসহ নানা বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা রোগীদের মাঝে ছিল আশার আলো। চিকিৎসা শেষে অসচ্ছল রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ—সম্পূর্ণ বিনামূল্যে।
ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, গ্রামীণ অঞ্চলে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চিকিৎসা নিতে আসা রোগীরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, প্রতিবছর যদি এমন উদ্যোগ নেওয়া হয় তবে হতদরিদ্র মানুষের জন্য তা হবে বড় সহায়তা। অনেকেই আয়োজকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। ভাষা শহীদদের স্মরণে মানবসেবার এ অনন্য আয়োজন আমতলীবাসীর হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে।
উদ্যোক্তা ডাঃ মোঃ রিয়াজ মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের চেতনার প্রেরণা। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এই বিশ্বাস থেকেই আমাদের এ আয়োজন। তিনি ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.