
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ:
পবিত্র রমজান মাসে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। রমজানজুড়ে খামারটির উৎপাদিত দুধ মাত্র ১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন থেকেই খামারে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ১০ টাকায় দুধ নিয়েছেন, আবার কেউ কেউ বিনামূল্যেও পেয়েছেন। প্রতিদিন সর্বোচ্চ ৯০ জনকে এক লিটার করে দুধ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রমজানের শুরুতেই এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
জানা গেছে, পাঁচ বছর আগে এলাকায় গড়ে ওঠে জেসি অ্যাগ্রো ফার্ম। বর্তমানে খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণ মিলিয়ে প্রায় আড়াইশ গরু রয়েছে। এর মধ্যে ১৮টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে প্রায় ৯০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন হয়। স্থানীয়দের ভাষ্য, বাজারে বর্তমানে প্রতি লিটার দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় দারিদ্র্য পরিবারের পক্ষে নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় ও পার্শ্ববর্তী গ্রামের একাধিক বাসিন্দা বলেন, রমজানে ১২০ টাকা লিটার দুধ কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ১০ টাকায় দুধ পাওয়ায় আমরা সেহরিতে তা খেতে পারছি। জেসি অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ রিয়াদ বলেন, রমজানে দুধের চাহিদা বাড়ে। বাজারে দাম ১০০ থেকে ১২০ টাকা। নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করেই নামমাত্র ১০ টাকায় দুধ দিচ্ছি। প্রথম দিন ৯০ জনকে দেওয়া হয়েছে। রমজানের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২