প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনিশ্চিত, হতাশায় লাখো শিক্ষার্থী ও অভিভাবক

রায়হানুল ইসলাম, বগুড়া সদর
প্রতি বছর প্রাথমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের অন্যতম মাধ্যম ছিল বৃত্তি পরীক্ষা। কিন্তু চলতি বছর সারাদেশে সেই বৃত্তি পরীক্ষা না হওয়ায় হতাশা আর অনিশ্চয়তায় পড়েছে লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রায়হানুল ইসলাম।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মেধা যাচাইয়ের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। প্রতিবছর সমাপনী পরীক্ষার পাশাপাশি এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের থাকে আলাদা প্রস্তুতি ও প্রত্যাশা। কিন্তু এ বছর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃত্তি পরীক্ষা না হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি।
বগুড়া সিটি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রেজওয়ানা রিমু জানায়, পঞ্চম শ্রেণিতে থাকতেই তারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল।
রেজওয়ানা রিমু, শিক্ষার্থী:
“আমরা এখন ষষ্ঠ শ্রেণিতে উঠে পুরোপুরি নতুন বই নিয়ে পড়াশোনা শুরু করেছি। এখন যদি বৃত্তি পরীক্ষা নেওয়া হয়, তাহলে সেটা আমাদের জন্য খুবই কঠিন হবে। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।”
শুধু শিক্ষার্থীরাই নয়, হতাশ শিক্ষক ও অভিভাবকরাও। নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী খন্দকার, “কিছু অনিবার্য কারণে বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে এতে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে—এটা অস্বীকার করার উপায় নেই।”
জেলা পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। শুধু বগুড়া জেলাতেই সেই সংখ্যা ১১ হাজার ৫ শত ৩৫ জন।
মোঃ রেজোয়ান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বগুড়া জানান, “বগুড়া জেলায় ১১ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কেন্দ্র থেকে নির্দেশনা এলে আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছি।”
“শিক্ষাবিদদের মতে, প্রাথমিক পর্যায়ে মেধা যাচাইয়ের এই সুযোগ বন্ধ থাকলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব দুর্বল হতে পারে। এখন দেখার বিষয়—কেন্দ্রীয় সিদ্ধান্তে কবে ফিরছে বৃত্তি পরীক্ষা।”
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার গুরুত্ব অনস্বীকার্য। দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত না এলে এই অনিশ্চয়তা আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.