
এম হিরন প্রধান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণ গাঁও কুড়ের পার ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপির কর্নদার জনাব শাহ্ রিয়াজুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জনাব জান্নাতুল ফেরদৌসী।
সভায় সভাপতিত্ব করেন সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব তৌহিদুজ্জামান সরকার (তপন)। জনসভাটি সঞ্চালনা করেন সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক প্রধান। প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত ছিল জনসভাস্থল।
অনুষ্ঠানটি আয়োজন করে সনমানিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। আয়োজকরা জানান, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে এ ধরনের জনসভা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক