
রবিউল হাসান লায়ন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই নির্বাচন চৌদ্দশ শহীদের রক্তের বিনিময়ে ইনসাফের নির্বাচন। এই নির্বাচন আয়না ঘরের অন্ধকার যুগের অবসানের নির্বাচন, শহিদ পরিবারের সদস্যদের হাহাকার বিদায়ের নির্বাচন, এই নির্বাচন ৫৪ বছরের বস্তাপঁচা শাসনব্যবস্থা, ফ্যাসিবাদ বিদায়ের নির্বাচন।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে গুম, খুন ও হত্যার রাজনীতির বদলা নেয়ার নির্বাচন। রবিবার দুপুরে জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী, বিপ্লবী ওসমান হাদি যে নিজেই বিপ্লব তাদেরকে আধিপত্যবাদের গোলামরা হত্যা করেছে, আধিপত্যবাদের গোলামরা সবাইকে ভয় দেখাতে চায়। ভয় দেখিয়ে লাভ নেই, ভয়ের দিন শেষ। ভয় দেখিয়ে কোন কিছু করা যাবে না। আগামী দিনে সংস্কারের পক্ষে হ্যা ভোট এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
জামালপুর- ৫ আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে, জামালপুর-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারী জামালপুর-২ আসনের প্রার্থী সামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এসএম ফরহাদ, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য জামালপুর-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাড. নাজমুল হক সাঈদী। এসময় আরও বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী।
ডা. শফিকুর রহমান জামালপুরের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেয়।