হোম » সারাদেশ » আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৬ বিজিবি অধিনায়কের ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৬ বিজিবি অধিনায়কের ব্রিফিং

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম। রোববার (১ ফেব্রুয়ারি) বগুড়া মহিলা কলেজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে অধিকসংখ্যক ভোটার নিশ্চিন্তে ভোট দিতে উৎসাহিত হন।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে সকল সীমান্তবর্তী বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিং, বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক মাসে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ২টি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্পে মোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকালীন সময়ে নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরে র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যা প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।
তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে। সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!