
গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সাফিউল ইসলাম শাকিল নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালু থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট এন্ড কম্পোজিট মিল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
পরিবার ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার সকাল ৯টার দিকে ভাড়া চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালুতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নুরু মিয়া। পরে তিনি পুলিশে খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার এসআই জাবেদ পারভেজ জানিয়েছেন, শাকিলের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে এবং দুস্কৃতকারীরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়েছে। নিহতের ভাই মোজাফ্ফর হোসেন বলেন, শুক্রবার সকালে তার ভাই ভাড়া চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। দিনশেষে বাসায় না ফেরায় রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে তারা থানায় সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে তাদের খবর দেয়।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা