প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
মেঘনায় যৌথবাহিনীর অভিযানে শটগানসহ শাহজাহান গ্রেফতার

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি উপজেলার বড়য়াকান্দি গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়া ওরফে সাজা (৫২)।
রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নির্দেশনায় ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শাহজাহানের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশি করে একটি শটগান ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা শটগান ও কার্তুজ অবৈধ এবং এগুলো বৈধ কোনো লাইসেন্সের আওতায় নেই। তবে উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এবং কোন উদ্দেশ্যে তা সংগ্রহ করা হয়েছিল সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে এর পেছনে কোনো সংঘবদ্ধ অস্ত্র চক্র, মাদক ব্যবসা কিংবা অপরাধী নেটওয়ার্ক জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তার গ্রেফতারের পর এই প্রতিনিধিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে সে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তার প্রভাব ও ভয়ের কারণে এতদিন কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায়নি। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল বলে জানান তারা।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম কালবেলাকে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.