
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে লোকাল ট্রেনের ধাক্কায় মুন্না মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার রেলস্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নূর আলম ট্রেনের ধাক্কায় এক যুবক মাথায় আঘাত পেয়ে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় লালমনিরহাট যাওয়ার জন্য পাটগ্রাম রেলস্টেশনের রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন মুন্না। এ সময় বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী ৪৫৬ নম্বর লোকাল ট্রেনটি স্টেশনে ঢুকতে থাকে। ট্রেনটি না থামতেই মুন্না তাতে উঠতে যান। এতে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যান। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, ‘ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তথ্য সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২