প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
মোল্লাহাটে দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক ২ জন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশন টিম মোল্লাহাট থানার পুলিশের সহযোগিতায় দুটি ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে।
অভিযানে উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের ৪ টি মাদক ও একটি হত্যা মামলার আসামি মোহিবুল্লাহ (৩০) পিতা- মৃত খবির উদ্দিন ও মোসা: তানিয়া আক্তার (৩৭) স্বামী- কবির মোল্লা, এদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বসতঘর ও আশপাশের এলাকা তল্লাশি করে এ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রামদা, ৮টি বড় ছুরি, ১ টি চাপাতি, ১টি নানচাক্কু ও ৩ টি ছোট ছুরি। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, "আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করা হবে। মাদকবিরোধী এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.