প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে আলফাডাঙ্গা সরকারি কলেজে ক্রীড়া উৎসব

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিএনসিসি ও রোভার স্কাউট দলের এক চৌকস কুচকাওয়াজ প্রদর্শিত হয়। অলিম্পিক মশাল প্রজ্বলনের মাধ্যমে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস।
দিনব্যাপী এই আয়োজনে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বিভাগে বিভিন্ন ইভেন্ট ছিল। দৌঁড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতার মতো সাহিত্য-সাংস্কৃতিক ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক কার্তিক চন্দ্র দাস। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের সরব উপস্থিতি পুরো কলেজ প্রাঙ্গণকে একটি মিলনমেলায় পরিণত করেছিল।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.