প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
চুনাখালী স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক উৎসব ও সংবর্ধনার উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনাখালী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিকও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নবীনবরণ, এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। তিনি শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনাখালী স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোঃ রুস্তুম আলী আকন। এছাড়াও উপস্থিত ছিলেন চুনাখালী ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পুতুল বেগম, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, আব্দুল মালেক শাহানুর, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন, শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, কেওয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাহুল আলম, সাংবাদিক আল-আমিন বাবু, মিঠুন কর্মকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চুনাখালী স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মানজুরুল হক কাওছার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল আলম। উদ্বোধনী পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং মনোজ্ঞ উদ্বোধনী ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে শান্তির পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু জাফর।
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.