নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পৌর যুব জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জানুয়ারি (শুক্রবার) বিকেলে জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে পৌর যুব জামায়াতের সভাপতি মোঃ সোহাগ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ রবিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ আব্দুল কাদের সিদ্দিক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল কাদের সিদ্দিক বলেন,
বর্তমান সমাজ বাস্তবতায় যুব সমাজই হচ্ছে সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের হাতিয়ার। নৈতিকতা, সততা ও ইসলামী আদর্শে বলীয়ান যুবকরাই একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। নন্দীগ্রামে যুব জামায়াত সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যুব সমাজ যদি সংগঠিত না হয়, তাহলে সমাজে অন্যায়, অনিয়ম ও অবক্ষয় রোধ করা সম্ভব নয়। তাই আদর্শিক রাজনীতির মাধ্যমে যুব সমাজকে আলোর পথে পরিচালিত করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আবু তালহা, উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি মোঃ মতিউর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, সমাজসেবা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রিয়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়াহেদ এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে ইসলামী আদর্শভিত্তিক সংগঠনের বিকল্প নেই। যুব জামায়াত যুবকদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। শেষে দেশ, জাতি ও যুব সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।