হোম » সারাদেশ » বগুড়ায় অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

বগুড়ায় অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় সংঘটিত অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক নম্বর আসামি মো. আল আমিন (১৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে মামলার ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

‎র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-২, সিপিসি-২, মোহাম্মদপুর ক্যাম্প, ঢাকা-এর যৌথ অভিযানে ঢাকার হাজারীবাগ থানাধীন ৪০/ডি নবীপুল লেন, সেলিম হাজীর বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৫ তারিখে ভিকটিমের পিতা আব্দুল হাই (৪০) বাদী হয়ে বগুড়া সোনাতলা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বাদীর ১৬ বছর বয়সী কন্যা তার বোনের বাসা থেকে বই আনতে যাওয়ার পথে অভিযুক্ত মো. আল আমিন পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক হাত ধরে একটি অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

‎ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সে ঢাকার হাজারীবাগ থানাধীন নবীপুল লেন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গত ১১ জানুয়ারি রাতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামি মো. আল আমিন (১৮) সোনাতলা উপজেলার পাকুল্লা পশ্চিম পাড়া এলাকার বুলু বেপারীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!