প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
বিগত ১৫ বছর আমরা ভোট দিতে পারি নাই

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার বলেছেন, বিগতদিনে ১৫ বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট দেওয়া থেকে বিরত ছিলাম, ভোট দেয়া ভুলেই গিয়েছিলাম। আগামী ১২ ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা পুনরায় মনমানসিকতা তৈরি করবো, সকলেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং দলের জন্য ভোট চাইবেন।
গতকাল রোববার সন্ধ্যার পর টঙ্গীর কলেজ গেইট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা। সালাউদ্দিন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি এদেশের মানুষের জন্য সারাটি জীবন আপসহীনভাবে আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর আদর্শ ও নেতৃত্ব এই দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের নেত্রীর নামাজে জানাজা বিশ্বের গিনেস বুক স্থান পেয়েছে।
তিনি বলেন, দলের নেতৃবৃন্দের কাছে আশা করছি গাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষা বিবেচনা করে গাজীপুর ২ আসনে এমপির মনোনয়ন পুনর্বিবেচনা করবেন। কিন্তু যদি পুনর্বিবেচনা না করেন তাহলে টঙ্গীসহ গাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েও তাঁর জীবনের শেষ নির্বাচন করবেন। এ সময় মাহফিলে অন্যান্যদের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির নেতা শরাফত হোসেন, শাহনুর ইসলাম রনি, জসিম ভাট, বিএম শামীম, সৌমিক সরকার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বক্তব্য শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণময় সমৃদ্ধির কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। এরপর উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.