প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীন সাংবাদিক রফিকুল আলম খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, প্রথম আলো, আমার দেশ ও বাংলাদেশ বেতারের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীন সাংবাদিক আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন রফিকুল আলম খান। রোববার সকালে সদর উপজেলার ডুমুর গ্রামের বাড়িতে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
রবিবার বাদ এশা সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।
রফিকুল আলম খান প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিয়রের অনুপ্রেরণায় ষাটের দশকে সাংবাদিকতা পেশায় আসেন। ১৯৬৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৫৩ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, প্রথম আলো এবং আমার দেশের মতো পত্রিকায় কাজ করেছেন। এক সময় সাংবাদিকতা পেশাতে জেলার শীর্ষ স্থানে অবস্থান করেন তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.