
মোঃ শরিক উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের মালাকোচা গ্রামে বন্য হাতির আক্রমণে নিহত মরহুম আহাম্মদ আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
সোমবার (৭ জানুয়ারি) তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুম আহাম্মদ আলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
মাহমুদুল হক রুবেল বলেন, “বন্য হাতির আক্রমণে একজন নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। সীমান্তবর্তী এই অঞ্চলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।