হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আলফাডাঙ্গায় ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ খেলার মাঠে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অ্যাথলেটিকসসহ মোট ৫৫টি ভিন্ন ভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসর শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাবোধ তৈরি করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!