
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন দৌড় পরিবার। ২০০৬ সালে শেরপুরের ২০০২ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি দীর্ঘ দুই দশকে সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এ সময়ের মধ্যে সংগঠনটি প্রায় ৩০০টিরও বেশি সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেছে।
দৌড় পরিবারের বিভিন্ন উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে এসেছে স্বচ্ছলতা। এর মধ্যে উল্লেখযোগ্য – খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের খলিলুর রহমান এবং শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়া এলাকার জাহিনুর ইসলামকে জীবিকায়ন সহায়তা হিসেবে অটোরিকশা প্রদান। এছাড়া কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুফফা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সাবমার্সিবল পাম্প স্থাপনসহ অজুখানা নির্মাণ করা হয়েছে।
বাগড়া কলোনী গ্রামের ইংরাজ আলীকে টিউবওয়েলসহ স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয় এবং শারীরিক প্রতিবন্ধী মো. আলমগীর (কানা ফকির)-কে স্বাবলম্বী করতে একটি মুদি দোকান করে দেওয়া হয়। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে সংগঠনটি।
সহায়তা পাওয়া খলিলুর রহমান বলেন,
“দৌড় পরিবারের সহায়তায় আজ আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। অটোরিকশাটি আমার পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছে।” একই অনুভূতি প্রকাশ করে ইংরাজ আলী বলেন,
“পরিষ্কার পানির ব্যবস্থা ও টয়লেট নির্মাণের ফলে আমাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি অনেক কমেছে। দৌড় পরিবার আমাদের জন্য যা করেছে, তা আজীবন মনে থাকবে।”
এ বিষয়ে দৌড় পরিবারের সদস্য ডা. ইকবাল হোসাইন ছনি, রেজওয়ানুল আলম রাজন, মো. খোরশেদ আলম লিখন ও সৌরভ হাসান মাসুম বলেন,
“আমরা চাই সমাজের অবহেলিত মানুষগুলো স্বাবলম্বী হয়ে উঠুক। বন্ধুত্ব ও মানবিকতার জায়গা থেকেই আমাদের এই পথচলা, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
সচেতন মহলের মতে, দৌড় পরিবারের মতো সংগঠনগুলো সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। মানবতার সেবায় সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৌড় পরিবার যে আলোর পথ দেখাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এমন কার্যক্রম রাষ্ট্রীয় উন্নয়ন প্রচেষ্টাকেও আরও বেগবান করবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা