হোম » সারাদেশ » মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, বিএনপি জামায়াতসহ ১৮ বৈধ প্রার্থী ঘোষণা

মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, বিএনপি জামায়াতসহ ১৮ বৈধ প্রার্থী ঘোষণা

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের   জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার  নাজমুন আরা সুলতানা এ তথ্য  নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাই শেষে বিধি-বিধান অনুসরণ করে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর শিবালয়)  আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র  বাতিল করা হয়েছে। তারা হলেন, জনতার দলের প্রার্থী,মোহাম্মদ শাহজাহান খান,স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী।

এ আসনে মনোনয়ন পত্র বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত ধানের শীষের  প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ও জেলা বিএনপি আহবায়ক কমিটির ১নং সদস্য  এস,এ জিন্নাহ কবীর,  জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার  প্রার্থী  ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ  তোজাম্মেল   হক তোজা,বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস,ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।

মানিকগঞ্জ-২ (সিংগাইর হরিরামপুর)  আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন প্রার্থী। এর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র  বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল  করা হয়েছে তারা হলেন,বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান রোমান, বিএনপির  বিদ্রোহী প্রার্থী আব্দুল হক,জাতীয় পার্টির প্রার্থী সাবেক সাংসদ  এস এম আবদুল মান্নান।

এ আসনে  মনোনয়পত্র বৈধ প্রার্থীরা হলেন, সাবেক  সাংসদ ,বিএনপির প্রার্থী ইঞ্জিঃ মঈনুল ইসলাম খান শান্ত,খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী।

মানিকগঞ্জ-৩  (সাটুরিয়া মানিকগঞ্জ সদর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিলকৃতরা  হলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য  আতাউর রহমান আতা,স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম,এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলাম জনি,স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।

এ আসনে বিএনপির  ধানের শীষের প্রার্থী বিএনপি’র  চেয়ারপারসনের  উপদেষ্টা পরিষদের সদস্য  ও জেলা বিএনপি’র আহ্বায়ক   আফরোজা খানম (রিতা),জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা,বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান, কামাল,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর,জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার   নাজমুন আরা সুলতানা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!