প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
ঋণ খেলাপি ও তথ্যগত গরমিলে বাগেরহাটে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি ও তথ্যগত গরমিলের কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় চারটি সংসদীয় আসনের মোট ৩২ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান (ভোটারের তথ্যগত গরমিল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ার (ঋণ খেলাপি)।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে লেবার ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী মোঃ হাসান ইমাম লিটুর মনোনয়ন ঋণ খেলাপির কারণে বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়ন ভোটারের তথ্যগত গরমিলের কারণে বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.