
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্যসহ মো. সোহরাব (৩৭) নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গ্রেপ্তারকৃত সোহরাব জেলার বকশীগঞ্জ উপজেলার চরকাওরিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আলমের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ সড়কের আইরমারী ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত মিশুকভ্যানে ভারতীয় প্রসাধনী বহনকালে সোহরাব কে আটক করে পুলিশ। বিশেষ এই অভিযানের নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন এসআই নিরুপম নাগ (বিপিএম) ও এসআই মো. রফিকুল ইসলাম।
অভিযানকালে ৮ টি প্লাস্টিকের বস্তা ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ১০০ গ্রাম ওজনের ১৯২ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৫০ গ্রাম ওজনের পন্ডস হোয়াইট বিউটি এন্টি ডালনেস ২ হাজার ৩৫২ পিস। তবে সব পণ্যের গায়ে মেইড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম বলেন, অবৈধ পথে ভারতীয় প্রসাধনী, মাদক ও অস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করায় আমরা চোরাকারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা কোনো অবৈধ পণ্যের স্থান এ জেলায় নেই। ডিবি-২ এর সফল অভিযান প্রশংসনীয়। চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
ঘটনার পর গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-বি ১(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা