
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত সোয়াট টিম, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত জানাজাস্থল ও আশপাশের এলাকায় ডিএমপির ৩৪২ জন, এপিবিএনের ৩৬৩ জন পুলিশ সদস্য এবং একটি সোয়াট টিম দায়িত্ব পালন করছে।

এর পাশাপাশি নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে— ৪০০ জন বিজিবি, পোশাক পরিহিত ৮১০ জন র্যাব সদস্য, ৬০০ জন আনসার, ৬০০ জন ব্যাটালিয়ন আনসার ও ২৪ জন কোস্টগার্ড সদস্য। এছাড়া কয়েক প্লাটুন সেনাবাহিনী সদস্যও মাঠে রয়েছে।
সোয়াট, সেনাবাহিনী ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা রাজধানীতে এসে জড়ো হতে শুরু করেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জানাজাস্থলের প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট এবং চালানো হচ্ছে তল্লাশি কার্যক্রম।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘নামাজে জানাজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক