প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিকল্প ধারার প্রেসিডেন্ট মেজর অবঃ আবদুল মান্নানের গভীর শোক প্রকাশ

মোহাম্মদ আসাদুজ্জামান(সিনিয়র রিপোর্টার): বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর অবঃ আবদুল মান্নান।
গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন,দেশ ও জনগণের দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে সাধারণ থেকে এক মহীয়সী নারী তথা দেশনেত্রী হিসাবে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি ধৈর্য্য ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত জাতির কাছে রেখে গেছেন। তিনি ছিলেন পরমতসহিষ্ণু এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। গণতন্ত্র রক্ষায়, প্রতিষ্ঠায় ও অগ্রগতিতে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি আজ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীন চেতনার অন্যতম প্রধান অভিভাবক হিসাবে অভিহিত করে তিনি বলেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতি তাঁর সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের অভাব অনুভব করবে।
মেজর মান্নান আরো বলেন-৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৭ আগস্ট ঢাকায় বিএনপির সমাবেশে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’ তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিয়ে সেইদিন তিনি একটিও নেতিবাচক মন্তব্য করেননি। তাঁর এ সৌজন্যতাবোধ, পরিমিতিবোধ ও উদারতা রাজনীতিতে একটি উঁচু মানদণ্ড হয়ে থাকবে।
১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীত্ব পালনের স্মৃতিচারণ করে তিনি বলেন-দূরদর্শিতা, সিদ্ধান্তগ্রহনের দৃঢ়তা এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যাবস্থা তাঁকে নেতৃত্বের এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তিনি গভীর শোক প্রকাশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থণা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.