প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অশ্রুসিক্ত হৃদয়ে মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
শোক আর অশ্রুসিক্ত হৃদয়ে বাগেরহাটের মোল্লাহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে অনেক নেতাকর্মীর চোখে জল নেমে আসে, আবেগে ভারী হয়ে ওঠে পরিবেশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল এগারোটা থেকে খতমে কোরআন পাঠের মাধ্যমে শুরু হয় শোকানুষ্ঠান। বাদ জোহর মোল্লাহাট উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শোকের আবহ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“আজ আমরা একজন আপসহীন নেত্রীকে স্মরণ করছি। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্থতা ও দেশের মানুষের নিরাপত্তার জন্য দোয়া চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার নাম চির অমলিন। তাঁর ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেম আমাদের পথ দেখাবে।”
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা নীরবতা ও চোখের জল দিয়ে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আলিম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ শিমুল চৌধুরী, উদয়পুর ইউনিয়নের ৫ নম্বর গাড়ফা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান খান, বিএনপি নেতা তাওহীদ শিকদার, রাজিব আহম্মেদ চৌধুরী, যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় এই অশ্রুসিক্ত মাহফিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.