
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আমিনুল ইসলাম (এফসিএ)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টায় মোল্লাহাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এবি পার্টির মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক দর্শন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,
“ন্যায় ও সততার ভিত্তিতে একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। এবি পার্টির আদর্শ ও মূল্যবোধের আলোকে একটি মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে এবি পার্টি কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো জনগণের পক্ষে থেকে সত্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া।
সভা শেষে মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির বাগেরহাট জেলা আহ্বায়ক মোঃ শফিউল্লাহ, জেলা সদস্য সচিব মোঃ আবু তালহা আবির, মোল্লাহাট উপজেলা আহ্বায়ক মোঃ রাজিব ফরাজী, নাসির শেখ, মোঃ মুশফিক চৌধুরী, মোহাম্মদ মোরসালিন শেখসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার