
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চত্বরে গোডাউন নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, দেখার যেন কেউ নেই।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ওই ইউনিয়ন পরিষদে গেলে নি¤œমানের ইট দিয়ে কাজের এই দৃশ্য চোখে পড়ে।
জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ১ম পর্যায় প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ চত্বরে গোডাউন নির্মাণের জন্য ৩ লাখ ৭৮ হাজার ৫৭৯টাকা বরাদ্দ দেয় সরকার। এছাড়াও ওই ইউনিয়নে কাবিটা-কাবিখা সহ আরও ৬টি প্রকল্প নেওয়া হয়েছে।
গোডাউন নির্মাণের সময় উপস্থিত এক মিস্ত্রির কাছ থেকে ইটের মান সম্পর্কে জানতে চাইলে বলেন, তাদের যে ইট দেওয়া হয়েছে তাই দিয়ে তারা কাজ করছেন। ভালো-মন্দের বিষয়ে তারা মন্তব্য করতে অনিচ্ছুক প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইটের ছবি তুলে রেখেছেন। ইট ভালো মানের মনে হচ্ছেনা। আপনারা সাংবাদিক মানুষ উন্নয়ন কাজ খারাপ হচ্ছে কিনা দেখার দায়িত্ব রয়েছে দেখবেন।
গোডাউন নির্মাণ প্রকল্পের সভাপতি ও সংরক্ষিত ইউপি মহিলা সদস্য নাসিমা ইয়াসমিনকে নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ইটের মান সম্পর্কে বুঝতে না পারায় কাউকে কোনো কিছু বলেনি। যেদিন কাজটি উদ্বোধন হয় সেদিন দেখতে গেছিলেন। তিনি মেয়ে মানুষ হওয়ায় ইট ১নম্বর নাকি ২নম্বর বলতে পারছেননা। ইট দিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু বলতে পারছেননা ইটের মান সম্পর্কে। চেয়ারম্যানের সঙ্গে তার দেখা না হওয়ায় ইটের বিষয়ে কোনো কিছুই বলেননি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চেয়ারম্যানকে জানাতে চাইছেন এমনটি জানিয়েছেন।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ প্রতিবেদকের মোবাইলে তোলা ছবি দেখে বলেন, যা দেখা যাচ্ছে মিশ্র ইট রয়েছে। খারাপ মানের ইটও রয়েছে। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন এবং ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, সামনে নির্বাচন হওয়ায় সরেজমিনে যাওয়ার তেমন সময় পাচ্ছেন না। তবে পিআইওকে দিয়ে বিষয়টি দেখবেন। নিম্নমানের ইট দিয়ে কাজ করে থাকলে তা মেনে নিবেননা এবং সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।