প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

এম হিরন প্রধান : উল্লাপাড়া বন্যাকান্দি চর কালিগঞ্জ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার আয়োজিত এ মাহফিলটি ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মহিমান্বিত ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক ও প্রকাশক মোঃ আইনুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি ও বিশেষ অতিথির পক্ষ থেকে বিষেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআনের তাফসির পেশ করেন এবং ইসলামি জীবনব্যবস্থা, নৈতিকতা, সমাজ সংস্কার ও দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন। তাঁদের বক্তব্যে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের আহ্বান জানানো হয় এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানা উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
মাহফিলে বন্যাকান্দি চর কালিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা এক ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মাহফিলের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.