
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক সিএনজি চালককে জিম্মি করে ৩০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বানাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় জিম্মি অবস্থায় থাকা এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন” বানাইল পশ্চিমপাড়া এলাকার সাব্বির হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৫), একই এলাকার মৃত বাবলু প্রাংয়ের ছেলে আরিফুল ইসলাম (২৭), লোকমান আলী মোল্লার ছেলে জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৪)।
ভুক্তভোগী সিএনজি চালক জানান, বগুড়া দত্তবাড়ি এলাকা থেকে এক নারী যাত্রী তার সিএনজি রিজার্ভ করে শিবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকায় পৌঁছালে ওই নারী তাকে একটি বাড়ির ভেতরে ব্যাগ এগিয়ে দিতে অনুরোধ করেন। ব্যাগটি ভেতরে নেওয়ার পরপরই দরজা বন্ধ করে পাশের কক্ষ থেকে আগে থেকে ওত পেতে থাকা তিনজন যুবক বের হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
একপর্যায়ে তারা তার ছবি তুলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং পরিবারের কাছে ফোন করে দুর্ঘটনার কথা বলে টাকা আনতে বাধ্য করে। জীবন রক্ষার তাগিদে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে টাকা এনে তাদের দেন। পরে টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী শিবগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল