
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বগুড়া-২ আসনের রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করে ‘মীর শাহে আলমের নির্বাচন পরিচালনা কমিটি’।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার জনপ্রিয় নেতা মীর শাহে আলমের মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মীর শাহে আলম দীর্ঘদিন ধরে শিবগঞ্জবাসীর পাশে থেকে রাজনীতি করে আসছেন। তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।