
শাহজাহান সিরাজ :
১৬ ডিসেম্বর বিজয়ের ৫৫ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করে। গাইবান্ধা সরকারি কলেজ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান।
পরে জেলা সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, জেলা সেক্রেটারি মোঃ ইউসুফ আল কার্যাভী, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি মোঃ সোহেল রানা, কলেজ শাখার সভাপতি মোঃ মাহামুদুল হাসান মামুন প্রমুখ।
বক্তারা বলেন, “বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক নেতৃত্ব অপরিহার্য। ইসলামী ছাত্রশিবির সেই আদর্শিক নেতৃত্ব তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তারা আরও বলেন, “বিজয় আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে।”

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা