প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
রৌমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রৌমারী উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পাপু মিয়া মেমোরিয়াল মিলনায়তন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিম আল মোস্তাকুর, একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের স্মরণ করা এবং আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা ও বুদ্ধিজীবীদের অবদান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরলে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক গড়ে উঠবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আক্তারুজ্জামান। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.