
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি চলাকালে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা কারাগারের গেটসংলগ্ন এসপি ব্রিজ এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
গ্রেপ্তার আল আমিন তরফদার পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের মৃত আজাহার তরফদারের ছেলে এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এর আগেও তিনি দুটি নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন এবং সম্প্রতি জামিনে মুক্ত হন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহীতে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চেয়ার–টেবিল ভাঙচুর করে এবং বিএনপি নেতাকর্মীদের মারধর করে আহত করে। ঘটনাটির পর বিএনপি মামলা করতে না পারলেও গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়দার আলী জানান, এজাহারে আল আমিন তরফদারের নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গিয়াছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার