
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও (VSO) বাংলাদেশ আয়োজিত জাতীয় পর্যায়ের বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে দারুণ সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সিনেট ভবনে আয়োজিত জাতীয় যুব ফোরামের বিভাগীয় ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে ময়মনসিংহ বিভাগ অর্জন করেছে দ্বিতীয় স্থান, যা বিভাগটির স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গতিশীলতা ও নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন।
পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় যুব ফোরামের সভাপতি উজ্জল মিয়া এবং সাধারণ সম্পাদক নিশাত তামান্না ফারিয়া। এই অর্জনের সাথে সাথেই ময়মনসিংহ বিভাগের চারটি জেলাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে, যা যুব নেতৃত্ব, স্বেচ্ছাসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সচেতনতা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বীকৃতি।
এ সকল ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের সাফল্য বিশেষভাবে আলোচিত হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে।
পুরস্কার গ্রহণের পর উজ্জল মিয়া বলেন, “এই স্বীকৃতি শুধু আমাদের নয়-এটি পুরো ময়মনসিংহ বিভাগের প্রতিটি যুবকের, যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এটি আমাদেরকে আরও বড় পরিসরে, আরও বৃহত্তর উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও জানান, বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় যুব ফোরামের তত্ত্বাবধানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিষয়ে একাধিক প্রকল্প পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে প্রতি বছর শত শত তরুণ-তরুণী যুক্ত হচ্ছে স্বেচ্ছাসেবী কার্যক্রমে।
ময়মনসিংহ বিভাগীয় যুব ফোরামের নেতৃত্ব আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে এই বিভাগ থেকে আরও বেশি সংখ্যক তরুণ স্বেচ্ছাসেবায় যুক্ত হবে এবং জাতীয় পর্যায়ের নেতৃত্বে জায়গা করে নেবে। তারা মনে করেন, যুবদের সক্রিয় অংশগ্রহণই সমাজে ইতিবাচক পরিবর্তনের মূল শক্তি।
ভিএসও বাংলাদেশের এ জাতীয় স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, বরং দেশের তরুণ সমাজকে এগিয়ে চলার একটি বড় অনুপ্রেরণা। ময়মনসিংহ বিভাগের এই অর্জন প্রমাণ করে সমষ্টিগত প্রচেষ্টা ও দৃঢ় সংকল্প থাকলে যেকোনো বিভাগই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল