
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পালশা চৌকির পাড় এলাকায় দীর্ঘদিন ধরে নকল বিড়ি ও সিগারেটের ব্যান্ডরোল উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিচিত রুহান প্রিন্টিং প্রেসে র্যাব-১২ একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, রুহান প্রেস থেকে বিড়ি - সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেভেল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে প্রেসটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)-কে আটক করা হয়। দু’জনেরই বাড়ি সদর উপজেলার বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকায়। অভিযানে সিগারেটের প্রায় ১৮,৩৮,০০০টি এবং বিড়ির ১০,৪৯,০০০টি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল এনবিআর ব্যান্ডরোলের বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি টাকা।
এ ছাড়া প্রেস থেকে আরও উদ্ধার করা হয়" নকল আকিজ বিড়ির মোড়ক ৮,৯৪০ পাতা আবুল বিড়ির মোড়ক ৩,৮১০ পাতা গ্রামীণ বিড়ির মোড়ক ২,২৫০ পাতা সোনালী বিড়ির মোড়ক ২,৬০০ পাতা বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির মোড়ক ২,০০০ পাতা আকিজ বিড়ির ফিল্টার ৬,০০০ পাতা রশিদা বিড়ির ফিল্টার ৩,০০০ পাতা আবুল বিড়ির ফিল্টার ৬০০ পাতা অন্যান্য ব্র্যান্ডের ফিল্টার ১,০০০ পাতা বিভিন্ন বিড়ির ১,৪০০টি স্টিলের লেবেল প্লেট আকিজ বিড়ির নিরাপত্তা লোগোযুক্ত ১,৫০০টি কালো গামটেপ একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন নগদ ১০,৬৪০ টাকা
এ ছাড়া NBR লেখা নকল সিগারেট ব্যান্ডরোল তৈরির স্টিলের লেবেল প্লেট এবং বিড়ির ব্যান্ডরোল তৈরির কাঠের ফ্রেমযুক্ত স্ক্রিনও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।