
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে অসহায়, নিঃসন্তান এক বৃদ্ধা মায়ের হাতে এক মাসের খাদ্যসামগ্রী এবং চারজন এতিমখানার শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বসাড়ডুবী গ্রামের নিঃসন্তান দম্পতি মৃত আমের আলীর স্ত্রী রহিমা বেগমকে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। সেই সঙ্গে একই এলাকার পূর্বসাড়ডুবী গ্রামের আব্দুল কাদের জিলানী (র) নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চার শিক্ষার্থীর মধ্যে পায়জামা ও পাঞ্জাবি সহ চার সেট পোশাক বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানুর ইসলাম বলেন, “মানবতার টানে আমরা কাজ করছি। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ক্ষুদ্র প্রয়াসে একজন মানুষেরও উপকার হলে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এই মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও আহ্বান জানান যেন তারা মানবিক কাজে এগিয়ে এসে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অসহায় ও দুঃস্থ মানুষের সেবা করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক, উপদেষ্টা, আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত