
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় ধানের শীষের সমর্থনে বর্ণাঢ্য ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মানিকারচর এল.এল. উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ গণমিছিল শুরু হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করা গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস রোড এলাকায় গিয়ে শেষ হয়।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজ উদ্দিন (লন্ডনী)’র সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের দলের মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরাপর ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, প্রফেসর সহিদুল ইসলাম, আবু ইউসুফ নয়ন ও আনিছুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক যুবদলের আহ্বায়ক ও মানিকারচর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, হাবীব মিয়াজী ও দেলোয়ার হোসেন। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক সোলায়মান হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির মাহমুদ ও সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণমিছিলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পরে সাংবাদিকদের উদ্দেশে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই; ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ বছর জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে, তখনই বিপুল সমর্থনে বিএনপিকে নির্বাচিত করেছে। বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক স্বচ্ছলতা, উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এছাড়া বিএনপিকে দুর্বল করতে গুম–হত্যা, মিথ্যা মামলা ও নির্যাতনের যেসব চেষ্টা হয়েছে, তা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন,“মেঘনার আজকের এই গণজোয়ার প্রমাণ করেছে-উন্নয়ন, অগ্রগতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক হিসেবে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষ মানুষের ভালোবাসার প্রতীক। সেজন্য মেঘনাবাসিকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার