
তারিকুল ইসলাম, কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাট-২(কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে কয়েকদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার যে বাতাবরণ তৈরি হয়েছে, তা আজ সোমবার বিকেলে আরও নাটকীয় রূপ নেয়। সাবেক সচিব আব্দুল বারীকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকেই বিরোধী পক্ষের তীব্র প্রতিক্রিয়া, মহাসড়কে টায়ার জ্বালানো ও সড়ক অবরোধের মতো ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। এই অস্থিতিশীলতার প্রতিবাদে একই স্থানে বিশাল পথসভার আয়োজন করে বিএনপির মূলধারার নেতাকর্মীরা, যা এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকা একসময়ে পরিণত হয় জনসমুদ্রে। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারের মতো নেতাকর্মী ও সমর্থক ঢলে পড়ে এই সমাবেশে। দলীয় মনোনয়ন পাওয়া সাবেক সচিব আব্দুল বারী গত কয়েক সপ্তাহ ধরে তিন উপজেলার বিভিন্ন এলাকায় লাগাতার জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ করে স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করেন। মানুষের দ্বারে দ্বারে তার উপস্থিতি বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
কিন্তু মনোনয়ন না পাওয়ায় সাবেক সাংসদ প্রকৌশলী গোলাম মোস্তফা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেন। তার সমর্থকেরা এমন অভিযোগে বলেন—ভাড়াটে লোকজন জড়ো করে রোববার বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আধাঘণ্টাব্যাপী ওই বিক্ষোভে মহাসড়কের দুই পাশে ভয়াবহ যানজট তৈরি হয় এবং পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় জনগণ মনে করে, এ ধরনের নৈরাজ্য বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে যায় না।
এই পরিস্থিতিতে সোমবারের পথসভা ছিল মূলত সেই অস্থিতিশীল কর্মকাণ্ডের জোরালো প্রতিবাদ এবং দলীয় ঐক্য প্রদর্শনের এক দৃঢ় মঞ্চ। কালাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আব্দুল বারী। তার উপস্থিতিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সভায় বারী বলেন, মনোনয়ন না পেয়ে গোলাম মোস্তফা ভাড়াটে লোক দিয়ে এলাকায় শান্ত পরিস্থিতিকে নষ্ট করছেন। তিনি দৃঢ় কণ্ঠে জানান, যারা এসব অশান্তি সৃষ্টি করছে তারা বিএনপির মূলধারার কেউ নয়। বিএনপি সবসময় কেন্দ্রীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ মর্যাদা দেয় এবং প্রকৃত কর্মীরা কখনোই দলের হাইকমান্ডের বাইরে কোনো সিদ্ধান্ত নেয় না।তিনি বলেন, পথসভায় লোকজড়ো প্রমাণ করে জয়পুরহাট-২ আসনের তৃণমূল বিএনপি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ।
এই বিশাল সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হাসান মুক্তা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মুশফিকুর আলম বুলু, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, সাবেক জেলা যুবদলের সদস্য রাসেল তালুকদার পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলীসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু সুবিধাভোগী ব্যক্তি এলাকায় অস্থিরতা ছড়াতে চাইছেন, যা জনগণ এবং প্রকৃত নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। তারা বলেন, জয়পুরহাট-২ আসনে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা