প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
কালীগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো ইজিবাইক, প্রাণ গেল চালকের।

মোঃ রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে এক মুহূর্তের আকস্মিকতার কাছে থেমে গেল মুক্তার হোসেনের (৩৬) জীবন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনা যেন চোখের পলকে বদলে দিল একটি পরিবারের স্বপ্ন।
ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে মুক্তার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে ইজিবাইকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই অপ্রত্যাশিতভাবে একটি কুকুর সড়কে উঠে পড়ে। চালক কুকুরটিকে বাঁচাতে হঠাৎ দিক বদল করেন। আর এই এক মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি গাছের সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা খায়।
ধাক্কায় সবাই আতঙ্কে চিৎকার করে উঠলেও সবচেয়ে বেশি আঘাত পান মুক্তার। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন দুঃসংবাদ—মুক্তার আর নেই।
ঘটনার পর কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তকিবুর রহমান জানান, মুক্তারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.