প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
ধুনটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আঁখি খাতুন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন মোছাঃ আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। সোমবার (১৭ নভেম্বর) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দুইটি কন্যা ও একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
তিন সন্তানের জন্ম দেওয়া আঁখি খাতুন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী গ্রামের বাসিন্দা ও সুজন মিয়ার স্ত্রী। সোমবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাকে আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি করা হয়। গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরিবারের সম্মতিতে পরে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন ডা. মোঃ সাখাওয়াত হোসেন (অপু), এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি) কোর্স, জেনারেল সার্জন ও সনোলজিস্ট। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাহাত আলী।
হাসপাতালটির পরিচালক জানান, “গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন—এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। সবাই নবজাতকদের জন্য দোয়া করবেন।”
এদিকে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে আঁখি খাতুনের পরিবারে নেমে আসে আনন্দের বন্যা। নবজাতকদের এক নজর দেখতে স্থানীয় বাসিন্দারাও হাসপাতালের দিকে ছুটে আসেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.