
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর-৬ সংসদীয় আসনটি বহাল রাখার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ স্থানীয় সর্বদলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত টঙ্গী কলেজ গেইট, এরশাদ নগর, গাজীপুরা এলাকায় নেতাকর্মীরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগও দাবি করেন।
টঙ্গীর স্টেশন রোড এলাকায় কয়েকশ নেতা কর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ করাসহ টায়ারে আগুন দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন, কলেজ গেট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতারা।
এসময় নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, টঙ্গী, গাছা ও পুবাইলের একাংশ নিয়ে গাজীপুর-৬ আসন গঠন করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে আসনটি বাতিল করা হয়। এই আসনের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা চিন্তা করে এই আসনটি পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাব। সেই সঙ্গে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা