
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন" দুর্গাহাটা ইউনিয়নের গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) এবং কামরুজ্জামানের ছেলে মিশু (২৭)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন" মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং বিশু আকন্দের ছেলে আশিক (২৮)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পিন্টু ওরফে মাজেদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন।
অপরদিকে অপ্রাপ্তবয়স্ক ও খালাসপ্রাপ্ত আসামিরা হলেন দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬), মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০) এবং আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শান্ত সাকিদারকে খালাস দেওয়া হয়েছে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাসেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘ আট বছর পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর বিকেলে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙা মোড়ে মোটরসাইকেলের গতি রোধ করে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত তোজাম্মেল হক (৪৫) ওই ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে ছিলেন।