
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে গণসংযোগকরণ এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে কান্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল বারেকএর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনের ধানেরশীষ প্রতিকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপনএর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি আঃ আওয়াল, গোলাম রব্বানী লেকু, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম ছাইদুল হাসান সিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, শামিম হোসাইন মুন্না, শফিকুল ইসলাম ফকির প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম তালুকদার বলেন, বিএনপি যখন ক্ষমতায় আসে দেশে তখন উন্নয়ন হয়। সরিষাবাড়ী আলহাজ জুট মিল, এআরএ জুট মিল, পপুলার জুটমিল, যমুনা সারকারখানা বন্ধ করে দেয়ার ঘটনা উল্লেখ করে তিনি আর বলেন, বিগত সরকার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে। দেশের কল-কারখানার চাকা ঘুরলে শ্রমিকরা সচল থাকে। ধানের শীষ প্রতিকের প্রার্থী জয়লাভ করলে বিএনপির ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। জনসভায় ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শামীম তালুকদার গ্রামের মানুষদের নিকট বিএনপির ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।