প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
বাগেরহাটে ৪ আসন বহাল: রায়ের পর উচ্ছ্বাসে মোল্লাহাট

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার হাইকোর্টের রায়ে জেলায় আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। সোমবার (১০ নভেম্বর) রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাটের নানা স্থানে আনন্দ মিছিল করেন।
সন্ধ্যায় মোল্লাহাটের চৌরঙ্গী মোড় থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি খাদ্য গুদামস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী বলেন, “দীর্ঘ আন্দোলন ও পরিশ্রমের ফল আজ হাতে পেলাম। সামনে নির্বাচনী প্রস্তুতিতে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে শরিফুজ্জামান শিমুল, লায়ন শেখ জিয়াউর রহমান, বিএম মোস্তাক, মোছা. রেজা, তাওহীদ সিকদার, সবুর শিকদার, শহিদুল ইসলাম, রাসেল খান, বিএম মিশকাত, নাজমুল, শেখ ফুরকানসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রায়ের খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলার সর্বস্তরের জনগণ আন্দোলনে নেমে প্রতিবাদ জানায়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ইসি সীমানা পরিবর্তন করে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করলে এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। ব্যারিস্টার জাকির হোসেন ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর নেতৃত্বে দীর্ঘ শুনানির পর আদালত চারটি আসন বহাল রাখার আদেশ দেন।
রায়ের পর বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা বাগেরহাটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকের রায় বাগেরহাটের মানুষের দীর্ঘদিনের দাবির জয়।”
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.